বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার (২২ জুন) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই-ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমর। কঠোর সিদ্ধান্ত ও ম্যাচ নিয়ন্ত্রণের জন্য নিজ দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ আলোচিত।
দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে রেফারি হিসেবে অভিষেক ঘটে তার। যদিও আন্তর্জাতিক পর্যায়ে তিনি ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন, তবে ২০১৩ সাল থেকেই মিসরীয় প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতার কারণেই ধীরে ধীরে তিনি ফিফার আস্থা অর্জন করেন।
২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিষেক ম্যাচে অভিজ্ঞতার ঘাটতি খুব একটা চোখে পড়েনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে তিনি একেবারে শেষ মুহূর্তে গিয়ে একটি মাত্র হলুদ কার্ড দেখান। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান-বম লি থ্রো-ইন করতে দেরি করায় ‘৫ সেকেন্ড রুল’ প্রয়োগ করে কাউন্টডাউন শুরু করতে তিনি কোনো দ্বিধা করেননি।
বিশ্ব ফুটবলের বড় মঞ্চে তুলনামূলক কম পরিচিত হলেও ক্যারিয়ার জুড়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে ওমরের। এখন পর্যন্ত তিনি ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে ৯৮০টি হলুদ কার্ড এবং প্রায় ২৫টি লাল কার্ড দেখিয়েছেন। সৌদি আরবের প্রো লিগসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তবে গত বছর একটি বিতর্কেও জড়িয়েছিল তার নাম। মিসরের ক্লাব পিরামিডস এফসি তার একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনে আনুষ্ঠানিক অভিযোগ করে। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচে প্রতিবাদ করায় পিরামিডসের ক্রোয়েশিয়ান কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান ওমর। পরে ক্লাবটি অভিযোগ করে, রেফারি তাদের কোচের সঙ্গে অসদাচরণ করেছেন।
সোমবারের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে ওমরের সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশী মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।
সূত্র: ভয়েস অব আমিরাত