হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপৎসীমার (৫২.১৫ মিটার) মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে ২৪ ঘণ্টায় পানি প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত নদীর পানি আরও কিছুটা বাড়তে থাকে এবং বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এই আকস্মিক পানি বৃদ্ধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সব ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।
এদিকে নদীপাড়ের চরাঞ্চলের কৃষকরা জানিয়েছেন, নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় পানি দ্রুত উপচে পড়ছে। এতে চরাঞ্চলের আবাদি জমি তলিয়ে গেছে। বিশেষ করে বাদাম ও শাকসবজির ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
চর খড়িবাড়ির কৃষক ইসমাইল হোসেন বলেন, পানি বেড়ে যাওয়ায় আমাদের জমির ফসল নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে। পানি দীর্ঘ সময় থাকলে বড় ক্ষতি হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে।