আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়তে না পারা বিদেশিদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা

2026-06-19T09:57:01+00:00
2026-06-19T09:57:35+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক
আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৫৭ এএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৯:৫৭ এএম
আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত
আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়তে না পারা বিদেশিদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। 

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসিপির ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজেদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন কিংবা চাইলে দেশ ত্যাগ করতে পারবেন।

এই সুবিধা মূলত তাদের জন্য, যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ত্যাগ করতে না পারায় আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলজুড়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ বজায় রাখতে অথবা নিয়মিত প্রক্রিয়ায় ফিরে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইসিপি আরও জানিয়েছে, এর আগে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্ত ছিল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে ভ্রমণকারী এবং দর্শনার্থীদের সহায়তা করার একটি মানবিক পদক্ষেপ। সংস্থাটির মতে, বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত প্রাথমিক আবেদন বা বিশেষ পদক্ষেপ নিতে হবে না। যারা ইউএইতে অবস্থান অব্যাহত রাখতে চান, তারা গ্রেস পিরিয়ডের মধ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী আবাসন বা কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে যারা দেশ ছাড়তে ইচ্ছুক, তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করেই সরাসরি প্রস্থান করতে পারবেন।

সংশ্লিষ্টদের সর্বশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য জানতে সরকারি মাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইসিপি।

উল্লেখ্য, গত মার্চে ইউএই কর্তৃপক্ষ ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং বাতিল হওয়া আবাসিক ভিসাধারীদের ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দিয়েছিল। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট স্থগিত থাকায় তারা দেশ ছাড়তে পারেননি। অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ থেকে তাদের রক্ষা করতেই সে সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: