বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সুইসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইজারল্যান্ড। গ্রানিত জাকা, দান এনদোয়ে এবং রেমো ফ্রয়লারের প্রচেষ্টায় একাধিক সুযোগ তৈরি হলেও বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল ও রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে এদিন এদিন জেকো ও আমর মেমিচের মাধ্যমে কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল বসনিয়াও, তবে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল ছিলেন দুর্ভেদ্য। ফলে প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৭৪তম মিনিটে জোহান মানজাম্বির গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এরপর ৭৯তম মিনিটে তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া, যা ম্যাচে বড় প্রভাব ফেলে।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্রুত ব্যবধান বাড়ায় সুইসরা। ৮৪তম মিনিটে রুবেন ভার্গাস গোল করে স্কোরলাইন ২-০ করেন। এরপর ৮৯তম মিনিটে আবারও জালের দেখা পান জোহান মানজাম্বি। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
অতিরিক্ত সময়ে বসনিয়ার হয়ে একটি গোল শোধ করেন এরমিন মাহমিক। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। ৯৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান গ্রানিত জাকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।