ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া সম্পন্ন হয়। সরকারি সূত্র জানিয়েছে, বিভাগীয় তদন্ত ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচিত চিত্রনায়িকা পোরিমনির সঙ্গে অনৈতিক ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে তাকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয় বলে জানা গেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, দায়িত্বে থাকা অবস্থায় সাকলায়েন পেশাগত সীমা লঙ্ঘন করে পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং সরকারি বাসভবনসহ বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে অবস্থানের বিষয়টি বিভিন্ন প্রমাণে উঠে আসে। এতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে তদন্তে সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়। পরে বিভাগীয় প্রক্রিয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক সিদ্ধান্তের পর তা প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।