স্বপ্নের টানে পলিথিন দিয়ে আর্জেন্টিনার পতাকা বানাল ছোট্ট সমর্থক

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন চারদিকে প্রিয় দলের পতাকা উড়ছে, তখন ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অর্থের অভাবে নিজ হাতে পলিথিন জুড়ে

2026-06-18T19:01:51+00:00
2026-06-18T19:01:51+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
স্বপ্নের টানে পলিথিন দিয়ে আর্জেন্টিনার পতাকা বানাল ছোট্ট সমর্থক
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:০১ পিএম 
সাদা ও আকাশি রঙের পলিথিন কেটে সুই-সুতা দিয়ে সেলাই করে তৈরি আর্জেন্টিনার পতাকা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন চারদিকে প্রিয় দলের পতাকা উড়ছে, তখন ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অর্থের অভাবে নিজ হাতে পলিথিন জুড়ে বানিয়ে নিয়েছে আর্জেন্টিনার পতাকা। 

ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতী উত্তরপাড়ার বাসিন্দা আলিউল ইসলামের ছেলে আবির। সে ঝিনাইদহ উজির আলী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ছোট থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত আবিরের ইচ্ছা ছিল প্রিয় দলের একটি পতাকা উড়িয়ে বিশ্বকাপ উন্মাদনায় অংশ নেওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে সেটি কেনা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, আশপাশের বাড়িতে বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখে আবিরের মনেও একই ইচ্ছা জাগে। পরে সে নিজের জমানো বা পরিবারের সামর্থ্য না থাকায় বাড়িতে থাকা সাদা ও আকাশি রঙের পলিথিন কেটে সুই-সুতা দিয়ে সেলাই করে আর্জেন্টিনার পতাকা তৈরি করে। এরপর সেটি বাঁশের কঞ্চিতে বেঁধে নিজের বাড়ির উঠানে উড়িয়ে দেয়।

পতাকাটি প্রথমে প্রতিবেশীদের নজরে আসে। পরে বিষয়টি জানানো হয় ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের। খবর পেয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল আবিরের বাড়িতে গিয়ে তাকে নতুন একটি পতাকা, জার্সি ও ফুটবল উপহার দেয়। উপহার পেয়ে আবির আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তাদের জড়িয়ে ধরে।

আবিরের বাবা আলিউল ইসলাম বলেন, সংসারের অভাবের কারণে ছেলের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। পরে জানতে পারেন, সে নিজেই পলিথিন দিয়ে পতাকা বানিয়েছে। যারা তার ছেলের মুখে হাসি ফুটিয়েছে, তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।

আবির জানায়, সবাই পতাকা উড়াচ্ছিল দেখে তারও ইচ্ছা হয়েছিল। কিন্তু বাবা কিনে দিতে না পারায় সে নিজেই পতাকা বানিয়েছে। এখন নতুন পতাকা, জার্সি ও ফুটবল পেয়ে সে খুবই খুশি।

ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহীনুর আলম বলেন, শিশুটির ভালোবাসা ও আবেগ তাদের হৃদয় ছুঁয়ে গেছে। সেই ভালোবাসার প্রতি সম্মান জানাতেই তারা এসব উপহার দিয়েছেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: