সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে। সেতুটি চালু হলে ঢাকার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আরও অগ্রগতি হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) রূপগঞ্জ উপজেলার ইছাপুরা সেতু ও কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল এতদিন সেতু নির্মাণকাজ বাধাগ্রস্ত করেছে।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট, চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলে সহজে যাতায়াত করা যাবে। এটি একটি জনগুরুত্বপূর্ণ সেতু। নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে। সেতুটি চালু হলে লাখো মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল দৈনিক ভোরের ডাক পত্রিকায় “বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।