নোয়াখালীর চাটখিল উপজেলার রমাপুর কাজী বাড়িতে বসতবাড়ির পাশে একটি লেয়ার মুরগির ফার্মের দুর্গন্ধে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ উঠেছে, ফার্মের বর্জ্য ও মুরগির মল-মূত্রের পঁচা দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে এবং এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাহিদ হাছান (হোসেন) নামের এক ব্যক্তি তার বসতবাড়ির পাশে মেইন রাস্তা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি লেয়ার মুরগির ফার্ম পরিচালনা করে আসছেন। ফার্মের বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যার ফলে দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দুর্গন্ধের কারণে শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, এলার্জি ও জ্বরজনিত সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদ ও মাদ্রাসাও এর কাছাকাছি থাকায় ধর্মীয় ও শিক্ষাব্যবস্থায়ও ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ রয়েছে। অনেক পরিবার জানায়, দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন এবং রাতে ঘুমাতেও সমস্যা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে ফার্ম মালিককে একাধিকবার অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। এ কারণে এলাকাবাসীর পক্ষে মনির হোসেন গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেন এবং ফার্মটি স্থানান্তরের দাবি জানান।
এ বিষয়ে ফার্মের মালিক জাহিদ হাছানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্তের জন্য স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।