দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিগত বছরগুলোতে স্কুলগুলোর প্রতি অবহেলার কারণেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আজ বেহাল অবস্থায় পৌঁছেছে।
রবিবার (১৪ জুন) বিকেলে রাজধানীর বিএএফ শাহীন কলেজ-এ অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, দেশের অনেক স্কুল ভবন ভগ্নদশায় থাকলেও শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শিক্ষক-শিক্ষিকারাও প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ দেশের সুনাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে তিনি দিনাজপুরের টেকনা মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জের দক্ষিণ কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কক্সবাজারের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আয়ুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়টির ছাদ ভেঙে পড়ার উপক্রম হলেও সেখানে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ গ্রহণ করছে। প্রতিকূল পরিবেশেও তাদের অধ্যবসায় সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখেন জুবাইদা রহমান। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।