সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যার্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), ২৬(২) ও ২৭(১) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অ্যাক্ট ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ জারি, আন্তর্জাতিক সমন্বয় এবং বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মাধ্যমে প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলার নথি, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ পাঠানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।
তিনি আরও জানান, আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে এনসিবি সমন্বয় করছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।