যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। মাঠে বাংলাদেশ না থাকলেও দেশের কোটি ফুটবলপ্রেমী আবারও ভাগ হয়ে গেছেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে।
এই আবেগের মাঝেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ব্যক্তিগত ও পারিবারিক সমর্থনের প্রসঙ্গ টেনে বলেছেন, তিনি চান এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল ও আর্জেন্টিনা।
শুক্রবার (১২ জুন) কক্সবাজারে অনূর্ধ্ব–১৫ বিচ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আবেগকে কেন্দ্র করে ফুটবল উন্মাদনা ধরে রাখতে হলে এই দুই দলের ফাইনাল দেখা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অনুষ্ঠানে তিনি কক্সবাজারকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতকে কাজে লাগিয়ে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশে কৃত্রিম সৈকত তৈরি করে খেলাধুলা আয়োজন করা হলেও বাংলাদেশের রয়েছে প্রাকৃতিক সমুদ্রসৈকতের বিশাল সুবিধা, যা ক্রীড়াক্ষেত্রে কাজে লাগানো হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও তথ্য দেন তিনি। জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড জুলাইয়ের মধ্যে শেষ হবে এবং পরবর্তী আসর ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন, মোঃ শরিফুল আলম এবং এম রশিদুজ্জামান মিল্লাত।
অনূর্ধ্ব–১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা—উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
কক্সবাজারে অনুষ্ঠিত এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ামহলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে আয়োজকেরা মনে করছেন।