রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বর মাসে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১২ জুন) রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নির্ধারিত সময়েই চালুর লক্ষ্যে কাজ চলছে। সময় খুব সীমিত, তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ এগিয়ে নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের কারণে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে, যা পূর্ববর্তী সরকারের সময় থেকেই বহন করতে হচ্ছে। এসব বিষয়ে আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে এবং চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও জানান, পূর্ববর্তী সময়ে ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতি ছিল। অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে এখনো কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে। এসব সমস্যার সমাধানে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।