২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রার প্রতীক।
মাহদী আমিন দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার বহু বছর পর একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তার মতে, এই বাজেটে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কৃষি, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, নারী ও শিশু কল্যাণ, অবকাঠামো, বিদ্যুৎ-জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন—এই ১২টি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক উল্লেখ করে তিনি বলেন, চাল, ডাল, মাছ, মাংস, তেল, চিনি ও লবণসহ বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের জন্য সার, বীজ, সেচ ও বীমা সহজলভ্য করা হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর খাতকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, বাজেটের লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ। এছাড়া ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা এবং কালো টাকা সাদা করার সুযোগ না রাখার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সবশেষে তিনি বলেন, “চ্যালেঞ্জ থাকলেও সবাই মিলে কাজ করলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।”