আবারও মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তিনি ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা এই অভিনেত্রীকে। আর তাতেই ভক্তদের নজর কাড়ল তার স্পষ্ট বেবিবাম্প।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দীপিকাকে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে ছিলেন রণবীর সিং। লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপে স্বাভাবিক লুকে ধরা দেন অভিনেতা।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা এখন দীপিকার মুখে স্পষ্ট। কেউ লিখেছেন, ‘বেবিবাম্পটি দারুণ লাগছে।’ আবার কেউ কেউ তাদের তাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষার কথা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের খবর জানান দীপিকা ও রণবীর। পোস্টে দেখা যায়, তাদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। কিটটিতে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়। ছবিতে দুয়ার হাত আলতো করে ধরে ছিলেন দীপিকা ও রণবীর। ক্যাপশনে বিশেষ কোনও বার্তা না দিয়ে শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী।
২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। জন্মের পর কয়েক মাস মেয়েকে জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি। পরে ২০২৫ সালের দীপাবলিতে মেয়ের পরিচয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা।