২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ করা হচ্ছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাজেট বরাদ্দের তুলনামূলক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ দ্বিগুণ করে ৪০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।