বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে আর মাত্র এক দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ২৩তম ফুটবল বিশ্বকাপের। বিশ্বজুড়ে এই টুর্নামেন্টকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড পরিচালিত প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে আইস্ক্রিনে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে ১০৮০পি এইচডি মানের সম্প্রচারে খেলা দেখা যাবে। বিশ্বকাপ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯ টাকা। এই প্যাকেজের মাধ্যমে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ উপভোগ করা যাবে।
এ ছাড়া প্ল্যাটফর্মটির নিয়মিত সাবস্ক্রিপশন সুবিধাও রয়েছে। ডেইলি প্যাকেজের মূল্য ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ-ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি প্যাকেজের মূল্য ৩৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বাংলাদেশেও শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম থেকে শহর—সর্বত্রই প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের সমর্থনে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। সেই উন্মাদনার মধ্যেই দর্শকদের হাতের মুঠোয় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ পৌঁছে দিতে প্রস্তুত আইস্ক্রিন।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখার সুযোগ তৈরি হওয়ায় ফুটবলপ্রেমীদের জন্য এবারের আসর হয়ে উঠতে পারে আরও উপভোগ্য ও সহজলভ্য।