ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার পুনরায় শুরু হয়েছে। অধিবেশনে যোগ দিতে গিয়ে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন আন্দালিভ রহমান পার্থ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘পার্লামেন্টের পথে’।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে সংসদ ভবনের দিকে যাচ্ছেন এবং তার পাশের আসনে বসে আছেন আন্দালিভ রহমান পার্থ। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, ‘ভাই ভাগ্যবান, প্রধানমন্ত্রী তাকে গাড়ি চালিয়ে পার্লামেন্টে নিয়ে যাচ্ছে।’ আরেকজন লেখেন, “আগামীতে হয়তো স্যারকে বিএনপির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দেখতে পারব আমরা।”
আরেক নেটিজেন মন্তব্য করেন, ‘এক ফ্রেমে দুই নেতা।’
রাজনীতির অঙ্গনে ভিন্ন রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি অনেকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষণও চলছে।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।