নতুন করারোপ ছাড়াই যশোরের মণিরামপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৭৪৮ টাকার সম্পূরক বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে রাজস্ব খাতে প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ১৬৫ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা। আয় ও ব্যয় সমান রাখা হয়েছে।
বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন কোনো করািরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় অনেকেই স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তফিকুল আলম বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরে বাজেট ঘোষণা করেন।
একই অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭ কোটি ১ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ও পৌর প্রশাসক মো. সম্রাট হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, পৌরসভার প্রকৌশলী উত্তম কুমার মজুমদার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান।
আরও উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, মণিরামপুর বাজার কমিটির সভাপতি রবিউল ইসলাম মিঠু, সাংবাদিক এস.এম. সিদ্দিক, কৃষক প্রতিনিধি খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।