নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু রয়েছে।
তিনি আরও বলেন, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই স্কিমের আওতায় উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধাও রয়েছে।
এছাড়া স্টার্টআপ খাতকে আরও গতিশীল করতে ‘স্টার্ট আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার নতুন একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। এই তহবিল থেকে স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা ও ইক্যুইটি সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।
নীতিনির্ধারকরা মনে করছেন, এসব উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।