রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক ৬টার দিকে প্রায় ২০ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। অল্প সময়ের মধ্যেই তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন।
মিছিলে বহন করা ব্যানারে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে” লেখা ছিল। অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অধিকাংশ অংশগ্রহণকারীর মুখ মাস্কে ঢাকা থাকলেও স্থানীয়দের দাবি, অন্তত দুজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তার জানা ছিল না। তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।