অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিল করা হচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের তথ্য সঠিক নয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চললেও মানবিক শিক্ষার গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাদ দেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই।
নূরুল আফসার দীপু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য গ্রহণ করা উচিত।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সংস্কার প্রস্তাব বা পরিকল্পনার কোথাও বাংলা, ইতিহাস কিংবা দর্শন বিষয়ে অনার্স শিক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব নেই।
শিক্ষা মন্ত্রণালয় সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।