ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিস সমাপনীতে বোর্ড স্ট্যান্ড করা ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে ধামরাই পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টারে ‘দ্বীনি চেতনা পরিষদ’ নামে একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন প্রথমবারের মতো এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
দ্বীনি চেতনা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এ সময় আরও বক্তব্য দেন ইসলামপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল হোসেন, দ্বীনি চেতনা পরিষদের উপদেষ্টা মুফতি আশরাফ আলী, মুফতি আব্দুল মালেক ও মুফতি আনোয়ার মুর্তজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন জীবন গড়ার সময়। শিক্ষার আলোয় নিজেদের জীবন আলোকিত করতে হবে। তবে অনেক সময় দেখা যায়, কেউ কেউ শিক্ষার পাশাপাশি প্রবীণদের ভুল ধরার প্রবণতায় জড়িয়ে পড়ে, যা তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দ্বীনি চেতনা পরিষদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। শুধু শিক্ষার্থীদের জন্য নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি চেতনা পরিষদ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আলেম-ওলামা, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।