কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় বিমানবন্দরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় দেশটির সামরিক বাহিনী। হামলার পর দেশটির সমস্ত বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েতের জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি আরো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। অন্য ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হবে।
এক বিবৃতিতে আল-ওতাইবি জানান, ‘বেশ কয়েকটি শত্রুভাবাপন্ন ড্রোন’ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিল্ডিং বা যাত্রী টার্মিনাল লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। ড্রোনগুলোর আঘাতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন।
গত রাতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর এই ড্রোন হামলার ঘটনা ঘটলো।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে পাল্টা আঘাত হিসেবে তারা ইরানের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন হামলার পরপরই কুয়েত বিমানবন্দরে এই ড্রোন হামলা চালানো হয়।