খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, মঙ্গলবার সকালে রাশেদ বাড়িতেই ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা জানতে পারেন, স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লবণচরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের পরিচিত ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।