প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। বর্তমান সরকার একটি বিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ সময় হালকাভাবে চললে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে।
রবিবার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তিনি এমন এক নেতৃত্বের উদাহরণ তৈরি করেছিলেন, যেখানে জনগণ জিয়া ও বাংলাদেশকে একসূত্রে দেখত। বর্তমান সরকারও তাঁর আদর্শ ও রাষ্ট্রগঠনের দর্শন অনুসরণ করে দেশ পরিচালনার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে। সেই প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে দেশের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।