রাজধানীর মগবাজারে বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে।
রোববার (৩১ মে) দুপুরে পর এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে এইচ আর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তরিকুল ইসলাম মুকুল জানিয়েছেন।
তিনি বলেন, আমরা দুপুরে পর সংবাদ সম্মেলন করে আমাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করবো।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শনিবার জানিয়েছেন, শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন পেতে আরো দুই-তিনদিন লাগবে।
তিনি বলেছিলেন, আমরা তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করেছি। তাদের পর্যবেক্ষণ দেখেছি। তবে এই ঘটনায় যাদের বাচ্চারা মারা গেছে তাদের সবার সঙ্গে এখনো পূণাঙ্গভাবে কথা বলতে পারেনি তদন্ত কমিটি। তাই তারা সময় চেয়েছে।
আমরা এমন একটি প্রতিবেদন চাই যেখানে কোনো ঘাটতি থাকবে না। তাই এমন প্রতিবেদনে মৃত শিশুদের মায়েদের বক্তব্য খুবই জরুরি। তবে সেসব মায়েরা ঢাকার বাইরে থাকায় আরো দুই থেকে তিন সময় সময় লাগবে। যে কারণে তদন্ত প্রতিবেদন জমার তারিখ আগামী ৩ জুন নির্ধারণ করা হয়েছে।
ঘটনা তদন্তে পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তী তিন দিনের মধ্যে শিশুদের মুত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল কমিটিকে।
কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়।
এই ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে।