ঈদের ছুটিকে কেন্দ্র করে চট্টগ্রামের জনপ্রিয় বিনোদনকেন্দ্র ফয়'স লেক সি ওয়ার্ল্ড বা ফয়'স লেক অ্যামিউজমেন্ট পার্ক-এ শনিবার (৩০ মে) ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিকেলে সেখানে হঠাৎ উপস্থিত হয়ে ভক্তদের চমকে দেন অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া।
বিকেল চারটার দিকে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে পৌঁছালে মুহূর্তেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন। ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে নুসরাত ফারিয়া উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে তিনি কুইজ পর্বে অংশ নেন এবং নিজের জনপ্রিয় গান ‘লোকে বলে’-এর কয়েকটি লাইন গেয়ে শোনান। গানের তালে নৃত্য পরিবেশনও করেন তিনি, যা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
চট্টগ্রামের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, এখানকার খাবারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। বিশেষ করে কালাভুনা ও মেজবানের প্রশংসা করে তিনি জানান, ঈদের দিনেও তিনি গরুর মাংসের কালাভুনা উপভোগ করেছেন।
অন্যদিকে, ঈদের ছুটিতে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কেও ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাইডে চড়তে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। শিশুদের ভিড় ছিল বাম্পার কার, সার্কাস ট্রেন, বেবি ড্রাগনসহ বিভিন্ন শিশুতোষ রাইডে।
দর্শনার্থীদের অনেকেই জানিয়েছেন, বিনোদনের পাশাপাশি প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় তাঁদের ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে। আগ্রাবাদ থেকে আসা দর্শনার্থী মোহাম্মদ রোমেল বলেন, প্রথমবারের মতো নুসরাত ফারিয়াকে সামনে থেকে দেখে তিনি বেশ আনন্দিত হয়েছেন।
ঈদের ছুটিতে পাহাড় ও হ্রদঘেরা ফয়’স লেক কমপ্লেক্সে একদিকে ছিল পানিতে ভেজা উচ্ছ্বাস, অন্যদিকে রাইডে চড়ে শিশু-কিশোরদের হাসি। সব মিলিয়ে দিনভর উৎসবের আবহে মুখর ছিল পুরো এলাকা।