রাজশাহীতে শেষ হলো ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬। তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৮টি ওজন শ্রেণির মধ্যে ৫টি স্বর্ণ ও ১টি তাম্র পদকসহ মোট ৬টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
অন্যদিকে, ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্রসহ মোট ৬টি পদক নিয়ে রানার্স-আপ হয়েছে রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব।
বৃহস্পতিবার (২১ মে) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা।
এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার উদ্বোধন করেন মো. ফায়জুর রহমান ভূঁইয়া।
প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৩৮টি দলের ১২২ জন বক্সার অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির মতে, বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি দেশের অন্যান্য বক্সারদের মধ্যেও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ বক্সিং ফেডারেশন-এর সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।