স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ সংকট মোকাবিলায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইউনিসেফ। সংস্থাটি ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউনিসেফের চিফ অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে পানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। এ সময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের বিপুল জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।