লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে গত ১৫ মে মারা যান কারিনা কায়সার। আজ বিকেল ৪টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তাঁর মরদেহ গ্রহণ করেন বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীরা কায়সার হামিদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে পারেননি। শোকে স্তব্ধ এই সাবেক ফুটবলারকে চোখের জল সামলাতে দেখা যায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।
কয়েক দিন ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।