খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. ইমন হোসেন (২৫)।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা বলেন, ‘সকালে ইমন সংগঠনের কাজে বের হলে তাকে ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ দায়ী।’
এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ দায়ী বলে জানিয়েছেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
তিনি বলেন, সকালে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন স্বশস্ত্র সদস্য সিএনজিচালিত অটোরিকশায় এসে গুলি করে ইমনকে হত্যা করে পালিয়ে যায়। তবে ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে সংগঠক অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এটি কাল্পনিক অভিযোগ বলেও দাবি করেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, কে বা কারা ইমনকে হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।