ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পাঞ্জাবের সাবেক মিডিয়াম পেসার আমনপ্রীত গিল।
বুধবার (৬ মে) চন্ডিগড়ে মারা যান তিনি। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
আমনপ্রীত সিং গিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। ২০০৭ সালে তিনি ভারতের হয়ে যুব ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলেছিলেন। পাঞ্জাবের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচে ১১টি উইকেট শিকার করেছিলেন তিনি।
২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের স্কোয়াডে ছিলেন আমনপ্রীত। পরবর্তীতে তিনি পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাঞ্জাব কিংস কর্তৃপক্ষও আমনপ্রীতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
আমনপ্রীতের সাবেক সতীর্থ ও ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এক বার্তায় বলেন, ‘আমনপ্রীতের চলে যাওয়ার খবর শুনে গভীরভাবে শোকাহত। আমরা শুরুর দিনগুলোতে একই ড্রেসিংরুম শেয়ার করেছি। সে ছিল শান্ত, পরিশ্রমী এবং ক্রিকেট অনুরাগী একজন মানুষ।’
২০০৭ সালে যুব টেস্টে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরার উইকেট নিয়েছিলেন আমনপ্রীত। যদিও কোহলির নেতৃত্বে ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। তবে পাঞ্জাব ক্রিকেটে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছে সবাই।