নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি হতে পারে ৩০ ডলার, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে মঙ্গলবার উত্থাপিত এক নতুন আইন প্রস্তাব অনুযায়ী শহরের ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ৩০ ডলারে উন্নীত করা হতে

2026-03-11T15:36:08+00:00
2026-03-11T15:36:08+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
নতুন প্রস্তাবিত আইনে
নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি হতে পারে ৩০ ডলার, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ
কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম 
নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে মঙ্গলবার উত্থাপিত এক নতুন আইন প্রস্তাব অনুযায়ী শহরের ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ৩০ ডলারে উন্নীত করা হতে পারে। প্রস্তাবটি পাস হলে এটি যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ন্যূনতম মজুরি হবে বলে জানিয়েছেন সিটি কাউন্সিল সদস্য সান্দ্রা নার্স।

প্রস্তাবটি কার্যকর হলে বর্তমানে ঘণ্টায় ১৭ ডলার ন্যূনতম মজুরি পাওয়া শহরের এক মিলিয়নেরও বেশি কর্মী এর আওতায় আসবেন। নার্স বলেন, এই মজুরিতে কর্মীরা সপ্তাহে প্রায় ৫০০ ডলার হাতে পান, যা অনেক মানুষের জন্য সাপ্তাহিকভাবে বড় ধরনের আর্থিক সংকট তৈরি করে।

এই বিলটি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত নভেম্বরের নির্বাচনের আগে মামদানি স্পষ্টভাবে ৩০ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, তিনি চান নিউইয়র্কবাসী যেন উন্নত জীবনমান, নিরাপদ পরিবেশ, ভাড়া দেওয়ার সামর্থ্য এবং শিশু পরিচর্যার খরচ বহনের সক্ষমতা পায়।
নার্সের প্রস্তাব অনুযায়ী, ন্যূনতম মজুরি ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ঘণ্টায় ৩০ ডলার করা হবে। ৫০০ জনের বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে ২০২৭ সালের মধ্যে ঘণ্টায় ২০ ডলার এবং ২০৩০ সালের মধ্যে ৩০ ডলার দিতে হবে। ৫০০ জনের কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে ২০২৮ সালের মধ্যে ২১.৫০ ডলার এবং ২০৩২ সালের মধ্যে ৩০ ডলার দিতে হবে।

নিউ ইয়র্ক সিটিতে সর্বশেষ বড় মজুরি বৃদ্ধি হয় ২০১০-এর দশকে, যখন ১১ জন বা তার বেশি কর্মী রয়েছে এমন কোম্পানির জন্য ন্যূনতম মজুরি ১৫ ডলার করা হয়। চলতি বছরে তা বাড়িয়ে ১৭ ডলার করা হয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে শহরের শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। সমর্থকদের মতে, এই মজুরি বৃদ্ধি কম আয়ের কর্মীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাহায্য করবে। অন্যদিকে কিছু ব্যবসা মালিকের আশঙ্কা, এত বড় মজুরি বৃদ্ধি ছোট ব্যবসাগুলোকে বন্ধ হতে বাধ্য করতে পারে।

এ প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রজুড়ে অর্থনৈতিক অস্থিরতা চলছে। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য শুল্ক, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও পণ্যের সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

নার্স আরও বলেন, নিউ ইয়র্ক সিটির ন্যূনতম মজুরি এখনও অনেক শহরের চেয়ে পিছিয়ে আছে। উদাহরণস্বরূপ, ফ্ল্যাগস্টাফ (অ্যারিজোনা)-এ ন্যূনতম মজুরি ১৮.৩৫ ডলার, ডেনভার-এ ১৯.২৯ ডলার, সিয়াটল-এ ২১.৩০ ডলার, যদিও লস অ্যাঞ্জেলেসের কিছু আতিথেয়তা খাতে কর্মীরা ২০২৮ সালের মধ্যে ঘণ্টায় ৩০ ডলার মজুরি পেতে পারেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো শহরেই এখনও ৩০ ডলার ন্যূনতম মজুরি চালু নেই।

মেয়র মামদানির কার্যালয় এখনো সরাসরি বিলটির প্রতি সমর্থন জানায়নি। তবে মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, 'মেয়র মামদানি বিশ্বাস করেন যে নিউ ইয়র্কের সব মানুষের একটি সম্মানজনক জীবিকা অর্জনের মতো মজুরি পাওয়া উচিত।'

তিনি যোগ করেন, প্রশাসন এই নির্দিষ্ট আইন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শহরের জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: