ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় দেশজুড়ে শোকের আবহ থাকলেও এর সমান্তরালে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিশেষ বিবৃতিতে তারা দখলদার ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ‘ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ চালানোর অঙ্গীকার করেছে।
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’ শুরু করা হতে পারে। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন এলাকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন বাহিনীর সব ‘সন্ত্রাসী ঘাঁটি’। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এই আক্রমণ চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ আজ রবিবার (১ মার্চ) ভোরে খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা তাঁর নির্দিষ্ট দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সর্বোচ্চ নেতার মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে, তবে একই সাথে সামরিক বাহিনীগুলো সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আইআরজিসি-র এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি বাহিনীগুলো উচ্চ সতর্কতায় (High Alert) রয়েছে। তেহরানের পক্ষ থেকে এমন বিধ্বংসী হামলার হুমকির পর পুরো বিশ্ব এখন এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা বিশ্বের ভবিষ্যৎ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি।
সূত্র: ফার্স নিউজ ও আল জাজিরা।