পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনে পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস

2026-02-13T16:05:30+00:00
2026-02-13T16:05:30+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজনীতি
পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনে পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী ও দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের সমর্থক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দেন।

স্ট্যাটাসে তাসনিম জারা লিখেছেন, ঢাকা-৯ এর মানুষ, আমাদের অসাধারণ স্বেচ্ছাসেবক এবং ভিন্ন ধরনের রাজনীতিতে বিশ্বাসী সবাইকে বলছি— আমরা প্রথম হয়ে শেষ করতে পারিনি, কিন্তু আমরা এমন কিছু অর্জন করেছি, যা অনেকেই অসম্ভব বলেছিলেন। মাত্র কয়েক সপ্তাহে ৪৪,০০০-এর বেশি মানুষ এমন একটি প্রচারণার পক্ষে দাঁড়িয়েছেন, যেখানে ছিল না লাউডস্পিকার, না পেশিশক্তি, না বিদ্বেষ। আপনারা সম্মান ও সততার মডেল বেছে নিয়েছেন।

পরিচ্ছন্ন রাজনীতির বার্তা আর সাবলীল প্রচার, এই নির্বাচনে আলোচনায় এনেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারাকে। তবে এর আগে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট (আধেয়) তৈরি করে জনপ্রিয় ছিলেন তিনি।

এবারের নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র নির্বাচন করে তৃতীয় হয়েছেন পেশায় চিকিৎসক তাসনিম জারা। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা–৯ আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বের হয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচনে অংশ নেওয়ার পর তাসনিম জারা নতুনভাবে আলোচনায় আসেন দুই দিনে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে। নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে তাঁর আসনের ১ শতাংশ ভোটারের সমর্থন দেখাতে এই স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হয়।

তবে আলোচনা যতটা ছিল, ব্যালটে ততটা সুবিধা করতে পারেননি তাসনিম জারা। বেসরকারি ফলাফলে ওই আসনে তৃতীয় হয়েছেন তিনি। ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪টি।

তিনি জাতীয়ভাবে বিজয়ী দল বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বিএনপিকে তাদের জাতীয় বিজয়ের জন্য অভিনন্দন জানাই। ঢাকা-৯ আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশীদ হাবিবকেও আমার শুভেচ্ছা। গতরাতে আমি তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। ঢাকা-৯ ও বাংলাদেশের মানুষের স্বার্থে আমি তাদের মেয়াদকালে সাফল্য কামনা করি। জনকল্যাণে যে-সব উদ্যোগ নেওয়া হবে, আমরা তা গঠনমূলকভাবে সমর্থন করব এবং জনগণের স্বার্থবিরোধী হলে নীতিনিষ্ঠ ও সতর্ক বিরোধী কণ্ঠ হিসেবে কথা বলব।

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি লেখেন, এই প্রচারণায় নারীদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। নীতিনির্ধারণী বহু আলোচনায় অংশ নেওয়া একজন নারী হিসেবে আমি দেখেছি, আমাদের উপস্থিতি আলোচনার ধরণ বদলে দেয়। এটি ছিল দেশের প্রতিটি নারীর নিরাপত্তা, মর্যাদা ও স্বায়ত্তশাসনের লড়াই। যে সব তরুণী আমাদের প্রচারণা গভীরভাবে দেখেছে, তাদের বলছি— ক্ষমতার কেন্দ্রগুলোতেও তোমাদের জায়গা আছে। আমরা সাহসের যে বীজ বপন করেছি, তা এক নতুন প্রজন্মের নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করবে।

স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তাসনিম জারা বলেন, তোমরাই এই আন্দোলনের হৃৎস্পন্দন। তোমাদের মতো নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ আমি খুব কম দেখেছি। বাংলাদেশে রাজনৈতিক সক্রিয়তার নতুন মানদণ্ড স্থাপন করেছ তোমরা। মন খারাপ করো না। মানুষের হৃদয় জয় করেছ— সেটাই সবচেয়ে কঠিন বিজয়। আমরা সংগঠিত থাকব, সোচ্চার থাকব, একসঙ্গে থাকব।

নির্বাচন শেষে যুক্তরাজ্যে চলে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, নির্বাচন শেষ হওয়ায় আমি যুক্তরাজ্যে চলে যেতে পারি— এমন ধারণা রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই : আমার শেকড় এখানে, আমার কাজও এখানে। আমি কোথাও যাচ্ছি না। আমরা এক রাতের নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু করিনি; আমরা শুরু করেছি দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে। এটি আজীবনের কাজ, এবং আপনাদের সঙ্গে থেকে সেই কাজ চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত।  


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: