বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন, ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের বিজয়ের সুনামি আসছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথায় মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছে তা থেকে দেশের প্রতিজন মানুষ বাদ যাবে না। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া- লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে আমি কাজে লাগাব। শুধু জিতলে হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজি রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, এম.এ রহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।