প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম (ভিজিটর : ২৭০)
দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উচ্চশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হাইদার আহমেদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত শিক্ষাগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়। আজ বৃহস্পতিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সৌজন্য সাক্ষাৎ বৈঠকে দুই দেশ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং মানবসম্পদ বিকাশে পারস্পরিক সহযোগিতা জোরদার করার নানা সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন, চিকিৎসা শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার (টিভিইটি) অভিজ্ঞতা বিনিময়ের মতো সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠকে মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি ও অবদানের প্রশংসা করেন। তিনি কয়েকটি সহযোগিতার প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে, মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন, মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় (টিভিইটি) অভিজ্ঞতা বিনিময়, এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে শিক্ষার্থী মেলা ও শিক্ষা প্রদর্শনীর আয়োজন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। মালদ্বীপের সঙ্গে সহযোগিতা সেই অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, অতিথিসেবা ও পর্যটন ব্যবস্থাপনায় মালদ্বীপের অভিজ্ঞতা এবং বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা একত্রে কাজে লাগালে উভয় দেশই উপকৃত হবে।
উভয় দেশ বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হন, যাতে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হয়। বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে শেষ হয়। যেখানে দুই দেশই মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে টেকসই অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।