প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৩২ পিএম (ভিজিটর : ১৭১৫)
জুলাই-আগস্ট আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পেছাল। আগামী ৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার তদন্ত সংস্থার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইবুনাল-১ এ আদেশ দেন।
এদিন কারাগারে আটক ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন- আনিসুল হক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. তৌফিক ইলাহী চৌধুরী, ডা. দীপু মনি, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গাজী গোলাম দস্তগীর, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
একই ট্রাইব্যুনাল পুলিশের সাবেক আইজি ড. জাবেদ পাটোয়ারীসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।